রিফাত হত্যা: আদালতে মিন্নির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার বিকেল ৩টার দিকে বরগুনার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন মিন্নি।
পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর কাছে রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হঠাৎ আদালতে হাজির করা হয় মিন্নিকে।
এরও আগে বুধবার দুপুরে মিন্নির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বরগুনার সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত।
তবে সেই রিমান্ডের দু’দিন শেষেই শুক্রবার বিকালে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মিন্নিকে আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করেন এ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।
রিমান্ড পূর্ণ না করে হঠাৎই কোন কারণে মিন্নিকে ফের আদালতে হাজির করা হলো সাংবাদিকদের এমন প্রশ্নে কিছুই জানাননি আদালতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তদন্তের স্বার্থেই এ বিষয়ে তারা চুপ থেকেছেন বলে জানা গেছে।
গত মঙ্গলবার দিনভর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেপ্তার দেখানো হয়।
টাইমস/জেডটি