© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামলা না নেওয়ায় আশুলিয়া থানার ওসি সোহরাব সাময়িক বরখাস্ত

শেয়ার করুন:
মামলা না নেওয়ায় আশুলিয়া থানার ওসি সোহরাব সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ পিএম | ০৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">ভুক্তভোগী থানায় অভিযোগ করার পরও মামলা না নেওয়ায় আশুলিয়া থ...

ভুক্তভোগী থানায় অভিযোগ করার পরও মামলা না নেওয়ায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

বুধবার (৪ জুন) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওসির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের মাত্রা বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন সময়ে তিনি ঢাকা রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে গত ২৯ মে ঢাকার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত আশুলিয়া থানা আদালতের বিচারক মো. তাজুল ইসলাম সোহাগ এক আদেশে উল্লেখ করেন, আশুলিয়া থানার ওসি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত মামলা রুজুর বিষয়ে অবহেলা প্রদর্শন করেছেন। যা দায়িত্ব অবহেলার শামিল। ওই বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আশুলিয়া থানাকে নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও নালিশী দরখাস্তটি আগামী সাত দিবসের মধ্যে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন।

একই সঙ্গে আদেশের অনুলিপি পুলিশ সুপার ঢাকাসহ সংশ্লিষ্ট সবাইকে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এদিন আদালতে নালিশি দরখাস্তটি দাখিল করেন ভুক্তভোগী মো. শাওনের ভাই রুবেল শিকদার। দরখাস্তে তিনি উল্লেখ করেন,  শিপলু ভূঁইয়াসহ নামীয়  ১১ জন ও অজ্ঞাতনামা ১৫ জন আসামি ছিনতাই করার উদ্দেশ্যে গত ১৮ মে শাওনের পথরোধ করে। ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

ছুরিকাঘাতে শাওনের মাথা ফেটে রক্তাক্ত যখম হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ মামলা নেয়নি।

ভুক্তভোগী মো. শাওন আশুলিয়া জামগড়া এলাকার মো. শাহিন শিকদারের ছেলে।

আরআর/এসএন

মন্তব্য করুন