কালো মানিককে মন থেকে গ্রহণ করেছেন খালেদা জিয়া : বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত
০১:২৬ এএম | ০৬ জুন, ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে ‘কালো মানিক’ নামে বিশাল আকৃতির একটি ষাঁড় নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবনে হাজির হয়েছেন দলটির কর্মী সোহাগ মৃধা।
বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খালেদা জিয়া ষাঁড়টি দেখে খুবই আনন্দিত হয়েছেন। তিনি আক্ষরিকভাবে অর্থে গরুটি গ্রহণ না করলেও, মন থেকে গ্রহণ করেছেন।’
খালেদা জিয়া গরুর মালিক সোহাগ মৃধা ও তাঁর পুত্রের সঙ্গে বাসভবনের ভেতরে দেখা করেন। পাশাপাশি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সোহাগ মৃধার সঙ্গে ফোনে কথা বলেন। উপহারের প্রতিদান হিসেবে খালেদা জিয়ার পক্ষ থেকে সোহাগ মৃধা ও তাঁর পরিবারের জন্য ঈদের উপহার প্রদান করা হয়, যা পেয়ে আবেগাপ্লুত হন তিনি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে সুসজ্জিত গাড়িবহরসহ ঢাকার উদ্দেশে রওনা দেন সোহাগ মৃধা। তাঁর সঙ্গে ছিল ৩৫ মণ ওজনের, ১০ ফুট দীর্ঘ ও সাড়ে ৫ ফুট প্রস্থবিশিষ্ট কালো রঙের বিশাল ষাঁড় ‘কালো মানিক’।
এমআর