© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আসছে ‘পিকে ২’, একসঙ্গে দেখা যেতে পারে আমির ও রণবীরকে

শেয়ার করুন:
আসছে ‘পিকে ২’, একসঙ্গে দেখা যেতে পারে আমির ও রণবীরকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ০৬ জুন, ২০২৫
২০১৪ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমা ‘পিকে’ শুধু বক্স অফিসে নয়, দর্শকের মনেও গভীর ছাপ ফেলেছিল। ছবির মূল চরিত্রে থাকা আমির খান একজন এলিয়েন হিসেবে মানুষের সমাজ ও ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন এক সরল দৃষ্টিভঙ্গি থেকে। এই গল্প, চরিত্র ও উপস্থাপনা সবার প্রশংসা কুড়িয়েছিল।

‘পিকে’ ছবির একেবারে শেষ দৃশ্যে রণবীর কাপুরকে আরেকজন এলিয়েন চরিত্রে দেখানো হয়েছিল। তখনই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছিল, এই চরিত্র কি নিয়ে আসবে নতুন কোনো গল্প?

এবার সেই জল্পনা আরও জোরালো হচ্ছে। বলিউডে কানাঘুষো চলছে, ‘পিকে’-এর সিক্যুয়েল বানানোর পরিকল্পনা করছেন রাজকুমার হিরানি। আমির খান ও চিত্রনাট্যকার অভিজিৎ জোশির সঙ্গে বসেই তিনি ‘পিকে ২’-এর গল্প নিয়ে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।

এই ছবিতে রণবীর কাপুরের উপস্থিতি অনেক বড় হতে পারে। আগে তিনি ছবির শেষ দিকে মাত্র কয়েক সেকেন্ডের জন্য এসেছিলেন। এবার তিনিই হয়তো হবেন মুখ্য চরিত্র। রণবীরও এই চরিত্রে অভিনয় করতে আগ্রহী বলে বলিউড সূত্রগুলো দাবি করছে।



যদিও এখনো পর্যন্ত এই সিক্যুয়েল নিয়ে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ছবির চিত্রনাট্য, কাস্ট বা শুটিং সময়—কিছুই নিশ্চিত নয়।

এদিকে, আমির খান বর্তমানে ব্যস্ত ‘সিতারে জমিন পর’ নামের একটি ছবি নিয়ে। এটি ২০০৭ সালের ‘তারে জমিন পর’-এর ধারাবাহিক। এই ছবি মুক্তি পাবে আগামী ২০ জুন।

এছাড়া আরও কিছু প্রকল্প নিয়ে কথাবার্তা চলছে আমিরের, যার মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে ও কিশোর কুমারের বায়োপিক, ‘চার দিন কি জিন্দেগি’, এমনকি একটি সুপারহিরো সিনেমাও।

যদি ‘পিকে ২’ সত্যিই হয় এবং তাতে আমির ও রণবীর একসঙ্গে অভিনয় করেন, তাহলে এটি হতে পারে বলিউডের আরও একটি আলোচিত ও অর্থবহ সিনেমা। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন এমন কিছু দেখার জন্য, যেখানে মজার গল্পের আড়ালে থাকবে গভীর বার্তা।

আরআর/টিএ

মন্তব্য করুন