© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে ঈদের দিন নিখোঁজ হয়ে পরদিন পুকুরে মিলল মাদ্রাসাছাত্রীর মরদেহ

শেয়ার করুন:
যশোরে ঈদের দিন নিখোঁজ হয়ে পরদিন পুকুরে মিলল মাদ্রাসাছাত্রীর মরদেহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৮ পিএম | ০৮ জুন, ২০২৫
যশোরের ঝিকরগাছায় বাড়ির পাশের পুকুর থেকে মোছা. সোহানা খাতুন নামে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঈদের দিন‌ বিকেল থেকে নিখোঁজ ছিল। পুলিশের ধারণা, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ জুন) সকাল ৯ টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার চাঁদপুর গ্রামের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।

নিহত সোহানা চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। সে বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন সোহানার পরিবারের সদস্যরা পশু কোরবানির জন্য পার্শ্ববর্তী তার ফুফুর বাড়িতে যায়। এ সময় সোহানা ও তন্বী নামে ৮ম শ্রেণি পড়ুয়া তার এক বোন বাড়িতে খেলাধুলা করছিল। দুপুরের দিকে তন্বী ঘরে ঘুমিয়ে পড়ে। সেসময় সোহনা উঠানে দোলনায় খেলা করছিল।

পরবর্তীতে দুপুর ২টার দিকে তার ভাই বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তন্বীকে জিজ্ঞেস করলে সে জানায় সোহনা উঠানে খেলা করছিল। তবে গতকাল সারারাত খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পিছনের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় পরিবারের লোকজন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি নূর মোহাম্মদ আরও জানান, সোহানার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।

এসএম/টিকে  

মন্তব্য করুন