© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক অনিশ্চিত

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক অনিশ্চিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ এএম | ১১ জুন, ২০২৫
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিকেল সোয়া চারটায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে এ সংবাদ সম্মেলনে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এবং বৈঠক হলে তা কবে হবে?

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।

প্রেস সচিব আরো বলেন, সময় ও শিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

চার দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল (১০ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি।

এসএম/টিকে  

মন্তব্য করুন