© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাসোগির শেষ কথা ‘আমি শ্বাস টানতে পারছি না’

শেয়ার করুন:
খাসোগির শেষ কথা ‘আমি শ্বাস টানতে পারছি না’
international-desk
০৭:৩৮ পিএম | ১০ ডিসেম্বর, ২০১৮

সৌদি সাংবাদিক জামাল খাসোগি খুন হওয়ার আগে তার শেষ কথা ছিলো ‘আমি শ্বাস টানতে পারছি না।’

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে দেশটির ঘাতক দলের হাতে খুন হওয়ার আগে তিনি এই কথাটি তিনবার বলেছিলেন। এই বিষয়ে রোববার এক প্রতিবেদন প্রকাশ করে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, খাসোগির যন্ত্রণাময় শেষ মুহূর্তের অডিও রেকর্ডিংয়ের অনূদিত প্রতিলিপি পড়েছে ওই সূত্র।

সূত্র বলছে, প্রতিলিপি থেকে এটা স্পষ্ট, ২ অক্টোবর খাসোগিকে মোটেই যেনতেনভাবে হত্যা করা হয়নি। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খাসোগি খুনের লোমহর্ষক বিবরণ ওই সূত্রের ভাষ্যে উঠে এসেছে।

সূত্রের ভাষ্য, হত্যাকারীদের সঙ্গে খাসোগির ধস্তাধস্তি হয়েছে। তিনি প্রাণপণ লড়েছেন। একপর্যায়ে তিনি বলেছেন, ‘আমি শ্বাস টানতে পারছি না।’ তিনবার এই কথা বলেন খাসোগি। এটাই ছিল খাসোগির শেষ কথা।

তদন্তের প্রতিলিপির বরাতে সূত্রের ভাষ্য, ঘটনাস্থল (সৌদি কনস্যুলেট) থেকে একাধিকবার ফোন করা হয়েছে। ফোনে হত্যাকাণ্ডের অগ্রগতির বিষয়ে জানানো হয়।

খাসোগি খুনের নির্দেশদাতা হিসেবে সন্দেহের তির সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তেমন আভাসই দিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব।

২ অক্টোবর ব্যক্তিগত কাজে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাসোগি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন