© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮ বার ১০০ কোটির ক্লাবে, অক্ষয় কুমার গড়লেন নতুন রেকর্ড!

শেয়ার করুন:
১৮ বার ১০০ কোটির ক্লাবে, অক্ষয় কুমার গড়লেন নতুন রেকর্ড!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৮ পিএম | ১৪ জুন, ২০২৫
ভারতের সিনেমার ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁলেন অক্ষয় কুমার। ‘হাউসফুল ৫’-এর বক্স অফিস সাফল্যের মধ্য দিয়ে তিনি এখন দেশের প্রথম অভিনেতা, যার ১৮টি ছবি ভারতীয় প্রেক্ষাগৃহে ১০০ কোটির ঘর পার করেছে। এই সংখ্যার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন সালমান খান (১৭), অজয় দেবগন (১৫) এবং শাহরুখ খান (১০)-কেও।

তবে ২০১০ সালের চেয়ে ২০২৫ অনেকটাই আলাদা। এক সময় যেখানে ১০০ কোটি মানেই ছিল ব্লকবাস্টার, এখন তা হয়ে উঠেছে একপ্রকার প্রত্যাশিত অর্জন। বড় রিলিজ, ফ্র্যাঞ্চাইজির জোর, প্রিমিয়াম টিকিটের দাম — সব মিলিয়ে আজকের দিনে ১০০ কোটির ছোঁয়া পাওয়া যেন নিয়মের মতোই।

অক্ষয় কুমার নিজের মতো করেই এই ‘নিয়ম’ বজায় রেখেছেন। ‘স্কাই ফোর্স’, ‘কেসারি ২’, ‘হাউসফুল ৫’ — ভিন্ন ঘরানার হলেও সবগুলোতেই রয়েছে দর্শকপ্রিয়তা টেনে আনার উপাদান। সামনে রয়েছে ‘জলি এলএলবি ৩’ আর ‘ভূত বাংলা’র মতো আরও দুটি বড় বাজেটের ছবি, যেখানে মাইলফলকের সংখ্যা বেড়ে ২০-এ পৌঁছনোও সময়ের ব্যাপারমাত্র।

তবে রেকর্ডের ভিড়ে প্রশ্ন উঠছে গল্পের সাহস নিয়ে। সমালোচকদের মতে, সংখ্যার দৌড়ে সিনেমার ভাবনা হারিয়ে যাচ্ছে কোথাও। অক্ষয়ের সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে অনেকগুলোই নির্দিষ্ট একটা ফর্মুলা মেনে চলে, যেখানে আবেগ, গল্প, চমক — সবই যেন পূর্বপরিচিত। ফলে সিনেমা হয় চলনসই, কিন্তু মনে গেঁথে যাওয়ার মতো নয়।

অক্ষয় কুমার যে পরিশ্রমের প্রতীক, সে বিষয়ে বিতর্ক নেই। তিনি সিনেমা করেন যেন ঘড়ির কাঁটার মতো, বিরতি নেই, থেমে থাকার ইচ্ছেও নেই। কিন্তু এই রেকর্ডভাঙা যাত্রার মাঝে বারবারই ফিরে আসে সেই পুরনো প্রশ্ন— শুধুই সংখ্যার রাজা, নাকি গল্পেরও সম্রাট?

মন্তব্য করুন