ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে পরদিনই হার্ট অ্যাটাক, হাসপাতালে ড্রামার রুশদী
ছবি: সংগৃহীত
১২:৪৭ এএম | ৩১ আগস্ট, ২০২৬
ডেঙ্গুতে প্রিয়তমা স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন তিনি।
রোববার (৩০ আগস্ট) বিকেল থেকে ড্রামার রুশদী সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে তার পারিবারিক সূত্রে। এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী শিরিন সুলতানার মৃত্যু হয়। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে।

আর স্ত্রীর মৃত্যুর ঠিক পরদিনই হৃদরোগে আক্রান্ত হন রুশদী। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তাদের চার বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। এ অবস্থায় ড্র্রামারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েছেন সংগীতপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এদিকে রুশদী বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার হিসেবে পরিচিত থাকলেও আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন। ২০০৫-০৬ সালের দিকে ব্যান্ড চিরকুটের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই তো তার এই অসুস্থতার সময় পাশে এসে দাঁড়িয়েছে ব্যান্ডটি। চিরকুট তাদের পেজে দেয়া এক পোস্টে লিখেছে, ‘রুশদি ভাই আমাদের ব্যান্ডে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন, আমাদের সহযাত্রী ছিলেন ২০০৫-৬ এর দিকে। উনি আমাদের শুভাকাঙ্খী হতে ভোলেননি কখনো।’

এরপরই চিরকুট লিখেছে, ‘শনিবার (২৯ আগস্ট) ভাইয়ের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে আকস্মিকভাবে অকাল মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরপর আজ রোববার রুশদি ভাই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। তাদের একটি ছোট্ট ছেলে সন্তান রয়েছে। পুরো পরিস্থিতিতে আমরা গভীরভাবে শোকাহত, ভাষাহীন। স্রষ্টার কাছে বিনীত প্রার্থনা―এই কঠিনতম সময়ে ভাইয়ের পরিবারকে তিনি এই দুঃসময় মোকাবিলার শক্তি দিন। রুশদি ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন।’
একেএস/টিএ