© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপিকা পাড়ুকোন: এখনো রাজত্ব করছেন, নাকি কৌশলগতভাবে টিকে আছেন?

শেয়ার করুন:
দীপিকা পাড়ুকোন: এখনো রাজত্ব করছেন, নাকি কৌশলগতভাবে টিকে আছেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৫ পিএম | ১৪ জুন, ২০২৫
বলিউডে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন দীপিকা পাড়ুকোন। একের পর এক সফল ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতেছেন। বাজিরাও মাস্তানি থেকে শুরু করে পাঠান— বহু বড় বাজেটের ছবি তৈরি হয়েছে তাঁকে ঘিরে। তাঁর উপস্থিতিই যেন এক সময় ছবি হিট হওয়ার অন্যতম গ্যারান্টি হয়ে উঠেছিল। কিন্তু সময় বদলেছে। বদলেছে দর্শকের রুচি, ছবি বাছাইয়ের ধরণ। আর সেই বদলেই দীপিকার গ্রহণযোগ্যতা নিয়ে এখন প্রশ্ন উঠছে।

সম্প্রতি দীপিকা 'স্পিরিট' নামের একটি ছবি থেকে নিজেকে সরিয়ে নেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি, নায়ক হিসেবে প্রভাস— এই দুইয়ের উপস্থিতিতে ছবিটি মূলত নায়ক-কেন্দ্রিক বলেই মনে করছেন অনেকে। ফলে দীপিকা বাদ পড়ায় যে ছবির খুব একটা ক্ষতি হবে না, তা নিয়েও মতপ্রকাশ করছেন সমালোচকেরা। বরং প্রশ্নটা ঘুরে ফিরে এখন দীপিকাকেই ঘিরে— তিনি কি আদৌ আর এমন একজন তারকা, যাঁকে ঘিরে টিকিট কাটতে ছুটে যায় দর্শক?

দীপিকার ভক্তরা বলেন, বলিউডের নিষ্ঠুর বাস্তবতায় এত বছর টিকে থাকাই বিরাট কৃতিত্ব। একদিকে ক্যাটরিনা, কঙ্গনা কিংবা সোনমেরা যখন একরকম হারিয়ে যাচ্ছেন, তখন দীপিকা এখনও শীর্ষে। তিনি শুধু ছবিতে নয়, দেশের বাইরেও নিজের অবস্থান পাকা করেছেন। বিদেশি ছবিতে অভিনয় করেছেন, নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হয়েছেন, কানের লাল গালিচায় নিজের জায়গা তৈরি করেছেন।

তবে আবার একাংশের মতে, দীপিকার ইমেজটাও তৈরি হয়েছে খুব পরিকল্পিত ভাবে। কখনও তিনি সৌন্দর্যের প্রতীক, কখনও অভিজাত নারীত্বের মূর্তি। কিন্তু বাস্তবতা বলছে, তাঁর কাঁধে দাঁড়িয়ে সফল হওয়া ছবির সংখ্যা খুব বেশি নয়। পিকু-র মতো কিছু ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশ হিট ছবিতেই ছিলেন পুরুষ তারকারা— শাহরুখ খান, রণবীর সিং বা অমিতাভ বচ্চনের মতো ব্যক্তিত্ব। তখন প্রশ্ন জাগে, দীপিকা একা কতটা দর্শক টানতে পারেন?

তবুও এই কথাও অস্বীকার করা যায় না যে, দীপিকা এখনও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। কিন্তু শুধুই পারিশ্রমিক দিয়ে কোনও তারকার জনপ্রিয়তা মাপা যায় না। দর্শক কাকে দেখতে চান, কাকে বিশ্বাস করেন, সেটাই শেষ কথা।

দীপিকা পাড়ুকোন কি তাঁর গড়া আসন ধরে রাখতে পারবেন, নাকি ধীরে ধীরে ছিটকে পড়বেন— এই উত্তর হয়তো দেবে তাঁর আগামী ছবিগুলো। তবে 'স্পিরিট' থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত যে বলিউডে জোরালো প্রশ্নের জন্ম দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এসএন 

মন্তব্য করুন