© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গদর ২-এর পর একে একে ছয় সিনেমা নিয়ে আসছেন সানি দেওল

শেয়ার করুন:
গদর ২-এর পর একে একে ছয় সিনেমা নিয়ে আসছেন সানি দেওল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ১৬ জুন, ২০২৫
বলিউডে নতুন করে সোনালি সময়ের মুখোমুখি হচ্ছেন সানি দেওল। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এই তারকা এবার যেন নতুন এক যুগে প্রবেশ করছেন। ‘গদর ২’-এর বিশাল সাফল্য এবং 'জাট'-এর পর দর্শকদের সামনে একের পর এক বড় চমক নিয়ে হাজির হতে চলেছেন তিনি। আগামী তিন বছরে মুক্তি পেতে যাচ্ছে তার ছয়টি বড় বাজেটের সিনেমা। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক গল্প, দেশপ্রেমে ভরা যুদ্ধচিত্র, পৌরাণিক মহাকাব্য এবং গ্রামীণ অ্যাকশনের মোহ।

প্রথম ছবি ‘লাহোর ১৯৪৭’— ভারতের স্বাধীনতার আগে-পরে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত আবেগঘন একটি পিরিয়ড ড্রামা। এই সিনেমার প্রযোজনায় আছেন খ্যাতনামা আমির খান। ইতিমধ্যেই ছবিটি বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে।










পরের প্রজেক্ট ‘বর্ডার ২’— ১৯৯৭ সালের জনপ্রিয় যুদ্ধচলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়েল। এবার আরও বড় ক্যানভাস, গভীর আবেগ এবং দেশপ্রেমে ভরপুর এক অনবদ্য নির্মাণে ফিরছে এই চলচ্চিত্র। দীর্ঘদিন ধরেই দর্শকরা এই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন।

তৃতীয় ছবি 'জাট ২’— গত বছরের হিট সিনেমা 'জাট'-এর ধারাবাহিকতায় তৈরি হচ্ছে নতুন কিস্তি। এতে থাকবে আরও শক্তিশালী প্রতিশোধের গল্প, গ্রামীণ পরিবেশে নির্মিত তীব্র অ্যাকশন এবং হৃদয়ছোঁয়া আবেগ।

সবচেয়ে ব্যতিক্রমধর্মী প্রজেক্ট হতে যাচ্ছে ‘রামায়ণ পার্ট ১ ও ২’। প্রথমবারের মতো পৌরাণিক ঘরানায় পা রাখছেন সানি দেওল। জানা গেছে, এই দুই পর্বের সিনেমায় তিনি হনুমানের ভূমিকায় অভিনয় করবেন। ভারতের সাম্প্রতিক সিনেমার ধারায় 'রামায়ণ ট্রেন্ড' অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে, আর এই প্রজেক্টে সানির অংশগ্রহণ অনেক বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

সবশেষে রয়েছে ‘গদর ৩’। কয়েকশো কোটি রুপির ব্লকবাস্টার ‘গদর ২’-এর বিশাল সাফল্যের পরই বোঝা গিয়েছিল, তৃতীয় কিস্তি আসা শুধুই সময়ের ব্যাপার। এবার আরও বড় সংঘাত, পুরনো দেশপ্রেম এবং বিখ্যাত সংলাপ নিয়ে ফিরবে এই ঐতিহ্যবাহী সিরিজ।

এসএম

মন্তব্য করুন