© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুর কার্যকরী ওষুধ ছিটাতে দুই মেয়রকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

শেয়ার করুন:
ডেঙ্গুর কার্যকরী ওষুধ ছিটাতে দুই মেয়রকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ
own-reporter
০২:৩৭ পিএম | ২৮ জুলাই, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটির মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা ও ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

রোববার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর শেখ রাসেল স্কয়ারে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর হয়ে এ বার্তা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সারা দেশে ডেঙ্গু আতঙ্ক দূর করতে সচেতনতামূলক সভা করবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গুকে আমরা সিরিয়াসলি নিয়েছি, আমরা সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছি। আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে চোখের চিকিৎসার জন্য এবং কয়েকটি সভায় অংশ নিতে লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে তিনি সার্বক্ষণিক দেশের খোঁজখবর রাখছেন এবং প্রতিটি বিষয়ে নির্দেশনা পাঠাচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

ঢাকার ১২টি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং ১৭টি বেসরকারি হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এর মধ্যে শুধু ২৫ জুলাই ভর্তি ছিল ৫৪৭ জন, আগের দিন যা ছিল ৫৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে আটজন মারা গেছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার মতে এ সংখ্যা প্রায় ৩৩ জন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন