© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় সাব্বির হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

শেয়ার করুন:
কুমিল্লায় সাব্বির হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ এএম | ২২ জুন, ২০২৫
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ।

গ্রেফতারকৃত আবুল কাশেম ওমানী দেবিদ্বার পৌরসভা এলাকার মৃত মোহাব্বত আলীর ছেলে। তিনি দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অটোরিকশাচালক আমিনুল ইসলাম সাব্বির (১৮) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর মারা যান তিনি।

সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত. আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত সাব্বিরের মামা মো. নাজমুল হক বাদী হয়ে ৯৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাব্বির হত্যা মামলা ৫নং এজহারভুক্ত আসামি আবুল কাশেম ওমানী। ৫ আগস্টের পর তিনি কুমিল্লায় আত্মগোপনে ছিলেন।
শনিবার সন্ধ্যায় কুমিল্লা ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

আরআর

মন্তব্য করুন