আইনি বিপাকে দক্ষিণী অভিনেতা বিজয়
ছবি: সংগৃহীত
০৭:৪১ এএম | ২৩ জুন, ২০২৫
‘অর্জুন রেড্ডি’ খ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা আবারও বিতর্কের মুখে পড়েছেন। জনসমক্ষে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে তেলেঙ্গানার রেড্ডিদুর্গম থানায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ এপ্রিল মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘রেট্রো’-এর প্রি-রিলিজ ইভেন্টে বিজয় দেবেরাকোন্ডা এই বিতর্কিত মন্তব্য করেন। বিজয়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ট্রাইবাল কমিউনিটিজ-এর রাজ্য সভাপতি নেনাবথ অশোক কুমার নায়েক অভিযোগ দায়ের করেন।

এরপরেই তার বিরুদ্ধে এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) নথিভুক্ত করা হয়। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ওই ইভেন্টে বিজয় মন্তব্য করেন যে আদিবাসীদের বুদ্ধি ও সাধারণ জ্ঞানের অভাব রয়েছে।
অভিযোগকারী তার অভিযোগে লিখেছেন, ‘বিজয় আদিবাসী সম্প্রদায়কে অপমান করে বলেছেন যে, তারা ৫০০ বছর আগে কোনও বুদ্ধি এবং ন্যূনতম সাধারণ জ্ঞান না থাকার কারণে সারাক্ষণ মারপিট করত। উপরন্তু, বিজয় তাঁদের পহেলগাম হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।’
মি. নায়েক তার লিখিত অভিযোগে বিজয়ের মন্তব্যের ইউটিউব লিংক সংযুক্ত করে বলেছেন, বিজয়ের মন্তব্যগুলো কেবল আপত্তিকরই নয়, আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা ও আত্মসম্মানের জন্য গভীরভাবে অপমানজনক।
উল্লেখ্য, এর আগেও বিজয় দেবেরাকোন্ডা বেফাঁস মন্তব্য করে সমালোচিত হয়েছেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সকলকে ভোট করতে দেওয়া উচিত নয়। যারা পড়াশোনা করেনি, তারা ভোট দেবে কেন? আমার মনে হয় গণতন্ত্রের চেয়ে স্বেচ্ছাচার ভালো। একজন ভালো ডিক্টেটরের অভাব বোধ করছি আমরা।’
আরএম/এসএন