© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র বসবে'

শেয়ার করুন:
'ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র বসবে'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৭ পিএম | ২৩ জুন, ২০২৫
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে ধাপে ধাপে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি জানান, এরইমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে।

সোমবার (২৩ জুন) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত 'এয়ার কোয়ালিটি মনিটরিং' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে। এই প্রকল্পটি ভাইটাল স্ট্রাটেজির আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থা ন্যাচার কনভারসেশন ম্যানেজমেন্টের কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে বায়ুতে থাকা অতি ক্ষুদ্রকণা এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো দূষণ উপাদানগুলো পরিমাপ করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

মোহাম্মদ এজাজ বলেন, ঢাকাকে একটি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে ডিএনসিসি এলাকায় ৩ থেকে ৫ লাখ গাছ রোপণ করা হবে এবং প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট সবুজ অঞ্চল গড়ে তোলা হবে। আমাদের লেক ও খালের পাড়ে সবুজায়নের কাজ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ ডিএনসিসির কর্মকর্তারা।

আরআর/টিকে

মন্তব্য করুন