‘সিচুয়েশন ইজ অ্যালার্মিং, মোকাবিলা করা ডিফিকাল্ট’
ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিচুয়েশন ইজ অ্যালার্মিং, মোকাবিলা করা ডিফিকাল্ট। কিন্তু আমরা সাহস রাখি, শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করব।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বার বার বলছি, আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। নেত্রী (প্রধানমন্ত্রী) উদ্বিগ্ন, তিনি লন্ডনে চিকিৎসায় আছেন। তারপরও তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বিদেশে থাকলেও স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। এখন মোবাইলেও নির্দেশনা দেয়া যায়। তিনি(স্বাস্থ্যমন্ত্রী) জরুরি কাজে বিদেশে যেতে পারেন, বিনা অনুমতিতে তিনি যাননি।’
ডেঙ্গু রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় সরকার ’ব্যর্থ’ বলে বিএনপির অভিযোগকে নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি টপ টু বটম নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপির নেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিৎ।’
তিনি বলেন, ‘মিডিয়ার হিসাব অনুযায়ী, আমাদের দেশে ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ১৩ হাজার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটাকে মহামারি বলুন আর যাই বলুন, আমরা যা সত্য তা স্বীকার করে মোকাবিলায় কাজ করছি।’
পরে শিল্পকলা একাডেমির চিত্রশালায় যুব লীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
টাইমস/এসআই