© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘কার্তি ২৯’-এর ক্যামিওতে দেখা যেতে পারে নানিকে

শেয়ার করুন:
‘কার্তি ২৯’-এর ক্যামিওতে দেখা যেতে পারে নানিকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫১ এএম | ২৮ জুন, ২০২৫
দক্ষিণ ভারতের সিনেমা দুনিয়ায় ক্রসওভার সংস্কৃতি যেন আরও জমজমাট হয়ে উঠছে। জনপ্রিয় অভিনেতা কার্তির পরবর্তী সিনেমা ‘কার্তি ২৯’ নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। নতুন করে জোরালো গুঞ্জন ছড়িয়েছে যে এই ছবিতে বিশেষ উপস্থিতি বা ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে নানিকে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমগুলোর দাবি, ‘হিট ৩’ সিনেমায় যেমন কার্তি চমকপ্রদ পোস্ট-ক্রেডিট দৃশ্যে উপস্থিত হয়েছিলেন, এবার তারই পাল্টা হিসেবে ‘কার্তি ২৯’-এ নানিকে দেখা যেতে পারে। এমন একটি সম্ভাবনার কথা জানিয়েছে তামিল বিনোদনভিত্তিক ওয়েব পোর্টালগুলো। বলা হচ্ছে, পরিচালক তামিলের নতুন এই সিনেমায় নানি হয়তো গুরুত্বপূর্ণ সাপোর্টিং চরিত্রে অভিনয় করবেন।

‘হিট ৩’ সিনেমা ২০২৫ সালের মে মাসে মুক্তি পায়। তাতে নানি ছিলেন এসপি অর্জুন সরকার আইপিএস চরিত্রে, এক ডার্ক এবং জটিল রূপে। ছবির শেষ অংশে দর্শক দেখেন কার্তিকে এসিপি ভীরাপ্পন আইপিএস হিসেবে, যা পরের কিস্তি ‘হিট ৪’–এর জন্য কাহিনি তৈরি করে যায়। সেই সাফল্যের পর এবার দুই নায়কের পরবর্তী সিনেমা নিয়ে এই ক্রসওভার সম্ভাবনা ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।



‘কার্তি ২৯’ সিনেমা পরিচালনা করছেন তামিল। জানা যাচ্ছে, এটি হবে এক গভীর চরিত্রনির্ভর ডার্ক ড্রামা। শুটিং শীঘ্রই শুরু হতে পারে বলে খবর। এর মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, নানি ক্যামিও হিসেবে বা বিশেষ চরিত্রে যুক্ত হতে পারেন, যা দক্ষিণী সিনেমার ক্রসওভার সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

কার্তি বর্তমানে ‘সরদার ২’ এবং ‘মেইয়াজাগান’–এর মতো ছবির শুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে নানি কাজ করছেন ‘দ্য প্যারাডাইস’ ছবিতে, যা পরিচালনা করছেন শ্রীকান্ত ওডেলা। ‘দসারা’ ছবির পর নানি-শ্রীকান্ত জুটির এটি দ্বিতীয় ছবি, যা ২০২৬ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা।

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, ক্রসওভার ট্রেন্ড দক্ষিণের সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দুই জনপ্রিয় তারকার এই সম্ভাব্য এক্সচেঞ্জ দর্শকদের জন্য নতুন মাত্রা তৈরি করবে বলে আশা করা যায়।

আরআর

মন্তব্য করুন