© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা হত্যায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অস্ত্র হাতে দিদারুল আলম মাসুম। ছবি সংগৃহীত

own-reporter-chattogram
০১:৩১ পিএম | ০৫ আগস্ট, ২০১৯

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই।

রোববার রাতে রাজধানীর বনানীর একটা বাসা থেকে সুদীপ্ত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন।

দিদারুল নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তিনি।

মো. মঈন উদ্দিন জানান, মহানগর ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৭ সালের ৬ অক্টোবর নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে সুদীপ্তকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

সুদীপ্ত বিশ্বাসকে খুনের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ‘বড় ভাই’ হিসেবে দিদারুলের নাম উঠে আসে মিজানুর রহমান নামের এক ছাত্রলীগ কর্মীর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। তিনি ১২ জুলাই চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে এই জবানবন্দি দেন।

এদিকে, এলাকায় চাঁদাবাজি, ভয় দেখানোসহ বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করার অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহেই মাসুমের দু’টি অস্ত্রের নিবন্ধন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে অস্ত্রগুলো জমাও দিয়েছেন তিনি।

এর আগে ২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দিদারুল আলমের অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন