উপজাতি নারীর গল্প নিয়ে আসছে 'মাইসা' ,প্রথম লুকে চমকে দিলেন রাশমিকা
ছবি: সংগৃহীত
০৯:৩৮ এএম | ২৯ জুন, ২০২৫
গ্ল্যামার ছেড়ে সাহসিকতার গল্প বলতেই ফিরছেন রাশমিকা মন্দানা। আর তার প্রথম ইঙ্গিত মিলল আজ প্রকাশিত ‘মাইসা’ ছবির ফার্স্ট লুক পোস্টারে। রক্তাক্ত মুখ, ক্ষতবিক্ষত চেহারা, চোখে বুনো প্রতিজ্ঞা—এই লুকের মাধ্যমে নিজেকে একেবারে ভিন্নভাবে তুলে ধরলেন রাশমিকা।
‘মাইসা’ কোনও সাধারণ অ্যাকশন থ্রিলার নয়। এটি একটি উপজাতি নারীর সংগ্রাম, সহ্যশক্তি এবং আত্মিক জয়ের কাহিনি। ছবিটি পরিচালনা করছেন নবাগত রবীন্দ্র পুল্লে, প্রযোজনা করছেন Unformula Films-এর অজয় ও অনিল সায়্যাপুরেড্ডি।
ছবির কাহিনির জন্য দুই বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালানো হয়েছে। উপজাতি সংস্কৃতি, ইতিহাস, লোককথা আর আধুনিক বিদ্রোহের ছায়ায় গড়ে উঠেছে এক আবেগঘন থ্রিলার। রাশমিকার চরিত্রটি গন্ড আদিবাসী সমাজের প্রতিনিধি, যিনি লড়াই করছেন বেঁচে থাকার জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য।
এই চরিত্রের জন্য রাশমিকার এমন রূপান্তর আগে কখনও দেখা যায়নি। রক্তমাখা মুখ আর যুদ্ধবিধ্বস্ত চেহারায় ধরা পড়েছে জীবনের সঙ্গে যুদ্ধের প্রতিচ্ছবি। গ্ল্যামার, রোম্যান্স কিংবা হাসিখুশি রোমান্টিক চরিত্র নয়—এবার তিনি এসেছেন নির্মম বাস্তবতা আর যন্ত্রণার আখ্যান নিয়ে।
পরিচালকের জন্য এ ছবি ডেবিউ হলেও, প্রস্তুতি ও কনসেপ্ট দেখে বোঝা যাচ্ছে এটি হতে চলেছে অনেক দূরদর্শী এক উদ্যোগ। টেকনিক্যাল টিমে থাকছেন বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রখ্যাত সদস্যরা—যার পুরো তালিকা প্রকাশ হবে আগামী সপ্তাহে।
‘মাইসা’ কেবল একটি নতুন সিনেমা নয়, এটি রাশমিকার নিজের মধ্যেই এক রূপান্তরের সূচনা। মেইনস্ট্রিম টেমপ্লেট ভেঙে এবার তিনি এমন এক চরিত্রে পা রাখলেন যেখানে আবেগ, বাস্তবতা আর সাহস একত্রে জ্বলে উঠেছে।
এই চরিত্রটি হয়তো তাঁকে নিয়ে যাবে এমন এক উচ্চতায়, যা কেবল জনপ্রিয়তা নয়—আন্তরিকতার সীমানাও পেরিয়ে যাবে।
এসএন