আলিয়া ভাট এবার অ্যাকশন হিরোইন হিসেবে পর্দা কাঁপাতে আসছেন
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ২৯ জুন, ২০২৫
টাইগার, কবির, পাঠান—এই তিন চরিত্র বলিউডের স্পাই ইউনিভার্সে এতদিন দাপট দেখিয়ে এসেছে। কিন্তু এবার সেই বলয় ভেঙে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে যশরাজ ফিল্মস। ‘আলফা’ নামক এক নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার দিয়ে শুরু হচ্ছে স্পাই ইউনিভার্সের এক নতুন অধ্যায়—যেখানে নেতৃত্বে থাকছেন আলিয়া ভাট ও শারভারি।
এই প্রথমবার স্পাই ঘরানার মূল চরিত্রে পুরুষদের জায়গা নিচ্ছেন নারীরা। শুধু সহায়ক চরিত্র নয়, বরং এবার তাঁরাই হবেন অ্যাকশন, মিশন ও গল্পের কেন্দ্রবিন্দু। আলিয়া ভাটের সাহসী উপস্থিতি এবং শারভারির নবীন শক্তির মেলবন্ধনে এই জুটি ইতিমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।

‘আলফা’ ঘিরে ইতিমধ্যেই একটি আলোচনা শুরু হয়েছে—এই ছবি কি হতে চলেছে বলিউডের ‘ব্যালেরিনা’? জন উইকের স্পিনঅফের মতই কি এই ছবি ভারতীয় প্রেক্ষাপটে নারীকেন্দ্রিক অ্যাকশন ঘরানার নতুন দিগন্ত উন্মোচন করবে?
উত্তর এখনও সময়ই দেবে, তবে স্পষ্ট হচ্ছে, যশরাজ তাদের চিরাচরিত অ্যাকশন ভিশন—যেখানে ট্রেন ব্লাস্ট, ফাইটার জেট, গ্লোবাল লোকেশন ও স্মার্ট গ্যাজেট দেখা যায়—এই ছবিতেও একই মাত্রায় বজায় রাখছে। আর এইরকম উচ্চাভিলাষী প্রজেক্টে আলিয়ার ভূমিকা নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সাহসী অধ্যায় হতে যাচ্ছে।
‘রাজি’ বা ‘গাঙ্গুবাই’তে আলিয়ার আত্মনিবেদন এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। কিন্তু এবার তাঁকে দেখা যাবে শারীরিকভাবে চ্যালেঞ্জিং ও স্টান্ট নির্ভর চরিত্রে। জানা যাচ্ছে, ছবির জন্য আলিয়া নিয়েছেন বিশেষ প্রশিক্ষণ। এমনকি গুঞ্জন উঠেছে, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফও ছবিতে ক্যামিও চরিত্রে যুক্ত হতে পারেন।
এই তথ্য সত্য হলে, স্পাই ইউনিভার্সে এক অল-উইমেন অ্যাভেঞ্জার্স-ধাঁচের দল গঠনের পথ তৈরি হতে পারে। একদিকে প্রযোজনায় যশরাজের প্রোফেশনালিজম, অন্যদিকে আলিয়ার স্ক্রিন উপস্থিতি এবং নারীকেন্দ্রিক কাহিনির শক্তিশালী বুনন—সব মিলে ‘আলফা’ হতে পারে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ও আলোচিত অ্যাকশন ছবি।
টিকে