© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

শেয়ার করুন:
খুলনায় হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন
own-reporter-khulna
০৬:০৮ পিএম | ০৬ আগস্ট, ২০১৯

খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের ব্যবসায়ী আলতু মোল্লা হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক বিশেষ দায়রা জজ মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আবুল কাশেম, কুববাত মুন্সী, ফারুক মোল্লা, মনজুরুল শিকদার, মো. ইরান, আবু তালেব, হুমায়ুন খাঁ, কবির মোল্লা এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার আবদুল গফফার ও খলিলুর রহমান। খালাসপ্রাপ্তরা হলেন- হাবিব ও মিঠুন।

জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন জানান, প্রায় ১১ বছর মামলা চলার পর মঙ্গলবার আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৭ ডিসেম্বর দিঘলিয়ার পদ্মবিলা মাঠে গলাকাটা অবস্থায় ক্ষুদ্র ব্যবসায়ী আলতু মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় ১৮ ডিসেম্বর নিহতের ভাতিজা আলমগীর হোসেন মোল্লা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে দিঘলিয়া থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৬ মে ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানা পুলিশের এসআই ফজলুল কবীর।

দীর্ঘদিন ধরে আদালত উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এই রায় প্রদান করেন বিচারক।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন