© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের দিন দুই নাতনিকে কাছে পেয়ে খুশি খালেদা জিয়া

শেয়ার করুন:
ঈদের দিন দুই নাতনিকে কাছে পেয়ে খুশি খালেদা জিয়া
own-reporter
১০:৫৬ পিএম | ১২ আগস্ট, ২০১৯

ঈদুল আজহার দিন দুপুরে দুই নাতনিকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে বাসায় রান্না করা খাবার খেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ থাকায় গত কয়েক মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে আছেন।

খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কন্যা জাহিয়া ও জাফিয়া। দুজনই তাদের মা শর্মিলা রহমান সিঁথির সঙ্গে কারাবন্দী দাদি খালেদা জিয়াকে দেখতে এসেছিল হাসপাতালে।

বেলা দেড়টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালের কেবিন ব্লকে আসেন তারা। শাশুড়ি খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসেন শর্মিলা।

একজন স্বজন জানান, সোমবার দুপুরে দাদিকে (খালেদা জিয়া) পায়ে হাত দিয়ে সালাম করার পর দুই নাতনিকে বুকে জড়িয়ে আদর করেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি কারও সাহায্য ছাড়া একা হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে তাকে চলাচল করতে হয়। ডায়াবেটিস থাকায় প্রতিদিনই তাকে ইনসুলিন নিতে হয়। রয়েছে দাঁত ও চোখের সমস্যা। হাত-পায়ে আর্থ্রাইটিসের ব্যথাও রয়েছে বলে তার পারিবারিক সূত্র জানায়।

ঈদের দিন দুই নাতনিকে কাছে পেয়ে খালেদা জিয়ার কিছুটা সময় ‘অন্যরকম কেটেছে’ বলে মন্তব্য করেন এ পরিবারের ঘনিষ্ঠ একজন।

তিনি বলেন, উনি সবার কাছ থেকে পরিবারের অন্যদের খোঁজ-খবর নেন। দেশে কী হচ্ছে, কী পরিস্থিতি তা জানতে চান।

ঈদের দিন কারা কর্তৃপক্ষ পরিবারের ৬ সদস্যকে দেখা করার অনুমতি দেয়। কোকোর স্ত্রী, দুই মেয়ে ছাড়াও ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর, স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার। প্রায় দুই ঘণ্টা তাদের সঙ্গে সময় কাটিয়েছেন বিএনপির চেয়ারপারসন।

সেবাশুশ্রূষার জন্য গৃহকর্মী ফাতেমাও খালেদা জিয়ার সঙ্গে সেখানে রয়েছেন। এ বছর দুটি ঈদই বিএসএমএমইউতে করেছেন খালেদা জিয়া।

গত ১ এপ্রিল থেকে অসুস্থ বিএনপির চেয়ারপারসন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৬২১ নম্বর কেবিন চিকিৎসা নিচ্ছেন।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন