© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন : আশফাক নিপুন

শেয়ার করুন:
সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন : আশফাক নিপুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ১১ জুলাই, ২০২৫
নির্মাতা আশফাক নিপুন। বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। যেখানে তার লেখার মাধ্যমে উঠে আসে সমাজের নানা ধরনের সমস্যার কথা। এবার একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি তুললেন এই নির্মাতা। প্রশ্ন তুললেন ‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন?’

নিপুন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘চাঁদাবাজি/ব্যবসা নিয়ন্ত্রণ/পার্সেন্টেজ যে নাম আর কারণই দেওয়া হোক না কেন, মিটফোর্ড হাসপাতালের ভেতরে প্রকাশ্য দিবালোকে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যে নৃশংসভাবে হত্যা আর (বুক আর মাথার ওপর বিশাল পাথর ফেলে ফেলে) উলঙ্গ করে রাস্তায় ফেলে মৃতদেহের ওপর লাফিয়ে লাফিয়ে উল্লাস করা হলো শত শত মানুষের সামনে, এই ভয়াবহ ঘটনা এবং ভিডিও লিটমাস টেস্ট হয়ে থাকল অদূর ভবিষ্যতে ভোটের মাধ্যমে যারাই ক্ষমতায় আসবেন তাদের জন্য।’



এরপর প্রশ্ন করে আরও লিখেছেন, ‘‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন? নাকি সাধারণ মানুষকে ক্ষমতায়িত করবেন? আপনারা কি এই চাঁদাবাজদের সেবা করবেন? নাকি সাধারণ মানুষের সেবা করবেন? আপনারা কি ‘সন্ত্রাসী সন্ত্রাসীই, সে যে দলেরই হোক না কেন’ বলে আইন এবং বিচারের শাসন নিশ্চিত করবেন? নাকি ঘটনার পর ‘অমুক সন্ত্রাসী আমার দলের কেউ না’ বলে দায় সারবেন?’’

নির্মাতা আরও লিখেছেন, ‘‘আমরা ‘রোগী মরিবার পরে ডাক্তার সাহেব আসিলেন’ দেখতে চাই না আর। এই দেশেরই প্রবল প্রতাপশালী সরকার প্রধান, তার পরিবারসহ লেজ তুলে পালাতে বাধ্য হয়, যখন সাধারণ মানুষ লাল কার্ড দেখায়। মানুষ যেন আবার লাল কার্ড না দেখায়, সেই ভয়টা রাখেন।

সেভাবে কাজ করেন। সোহাগ হত্যাকারী গ্রেফতারকৃত মহিন আর তার বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে কার্যকর করা হোক।’’

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ (৪৩) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। যে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে সর্বস্তরের মানুষ।

এমআর/টিকে 


মন্তব্য করুন