© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. কামালের ওপর হামলা: তিন দিনের মধ্যে প্রতিবেদন চায় ইসি

শেয়ার করুন:
ড. কামালের ওপর হামলা: তিন দিনের মধ্যে প্রতিবেদন চায় ইসি
own-reporter
০৫:০২ পিএম | ১৭ ডিসেম্বর, ২০১৮

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সোমবার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. জাবেদ পাটোয়ারীর কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন ও তার গাড়িতে হামলার ঘটনা তদন্ত করে তিন দিনের মধ্যে ইসি সচিবালয়ে প্রতিবেদন জমা দিতে হবে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে বের হওয়ার সময় হামলার ঘটনা ঘটে।

ঐক্যফ্রন্ট থেকে জানানো হয়, কামাল হোসেনের গাড়িবহরের ৭/৮টি গাড়ি ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়। এতে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের গাড়িচালকসহ প্রায় ৩০ জন আহত হন।

পরে ১৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ড. কামালের বিষয়টি দুঃখজনক। তিনি একজন সিনিয়র সিটিজেন (জ্যেষ্ঠ নাগরিক) এবং প্রখ্যাত লোক। এটি কাম্য নয়। তাঁর ওপর হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। যেভাবে ব্যবস্থা হয়, সেটা হবে।

এ হামলার ঘটনায় রোববার দারুস সালাম থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৪ জন নেতা-কর্মীকে আসামি মামলা হয়েছে। মামলার বাদী ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন