© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকদের জেল-জুলুম-গুমের শিকার হতে হচ্ছে: রিজভী

শেয়ার করুন:
সাংবাদিকদের জেল-জুলুম-গুমের শিকার হতে হচ্ছে: রিজভী

ফাইল ছবি

own-reporter
০৩:০১ পিএম | ২৯ আগস্ট, ২০১৯

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সত্য প্রচারের জন্য গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়। গণমাধ্যমের সাংবাদিকদের জেল, জুলুম ও গুমের শিকার হতে হয়। সত্য লেখনীর জন্য অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, যদি কেউ সত্য ও স্বাধীন মতামত গণমাধ্যমে প্রকাশ করে, তাহলে তার ওপর নেমে আসবে অকথ্য জুলুম। যেমন নেমে এসেছে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কিংবা কলামিস্ট শফিক রেহমানের ওপর। বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা আতঙ্কের মধ্যে দিনযাপন করছে বলেই গণতন্ত্র এখন ছিন্নমূলে পরিণত হয়েছে।

বর্তমান সরকার দেশের টেলিভিশন চ্যানেলগুলোকে দলের প্রোপাগান্ডা (প্রচারণা) মেশিন হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলোকে আওয়ামী–রসগোল্লা গিলতে বাধ্য করা হয়। এখানে টেলিভিশনের মালিক ও সংশ্লিষ্ট কলাকুশলীদের করার কিছুই থাকে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, দেশে সব টেলিভিশন চ্যানেলের পরিপূর্ণ স্বাধীনতা রয়েছে।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন রিজভী বলেন, টেলিভিশন চ্যানেলগুলোকে বাধ্য হয়ে সরকারি ট্যাবলেট গিলতে হচ্ছে। সত্য প্রচার করতে গেলে তাদের পরিণতি হবে আমার দেশ পত্রিকা কিংবা দিগন্ত ও ইসলামিক টিভি চ্যানেলের মতো।

স্বাধীন দেশে মানুষ এখন পরাধীন উল্লেখ করে রিজভী বলেন, মানুষের নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। কারণ, এ দেশের মানুষ গুম-খুন তথা রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়ে কথা বলতে ভয় পায়, সত্য কথা বললেই মানুষের ওপর নির্যাতন নেমে আসে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন