মাথায় বন্দুক, তবুও নির্ভয়ে টানছেন চুরুট
ঘটনা যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসের একটি পানশালা। সেখানে বসে মনের সুখে চুরুট খাচ্ছিলেন এক ব্যক্তি। এমন সময় ঢুকে পড়ল একদল সশস্ত্র ডাকাত। কিন্তু গাঁটের টাকা খরচ করে কিছুক্ষণের জন্য বারে এসেছেন। সময়টা কি নষ্ট হতে দেয়া যায়!
মাথায় বন্দুক ধরাই হোক বা পাশের ব্যক্তিকে মেরে ফেলার হুমকি, কোনও কিছুতেই বিচলিত হচ্ছিলেন না তিনি। পানশালায় বসে দিব্যি চুরুটে একের পর এক সুখটান দিতে থাকলেন ওই ব্যক্তি। এমনকি এক ডাকাত ফোন কেড়ে নিতে এলেও যেন একটু বিরক্ত হলেন। হালকা ধমকও দিয়ে দিলেন বন্দুকধারীকে। ঘাবড়ে গিয়ে তাকে ছেড়ে এগিয়ে গেল ডাকাত।
মানুষ তখন ভয়ে কাঁপছেন। কেউ টেবিলের তলায় লুকিয়েছেন। কোনো কিছুই প্রভাব ফেলল না তার ওপর। একসময় পাশের ব্যক্তির মাথায় বন্দুক রেখে তাকে প্রাণে মারারও হুমকি দিল ডাকাত দলের সদস্য। কিন্তু তাতেও কোনও ভ্রুক্ষেপ করলেন না তিনি। অগত্যা তাকে আর বেশি বিরক্ত করল না ডাকাতরা। নিজেরা নিজেদের মতো ডাকাতি সেরে বেরিয়ে গেল। গোটা ঘটনাটাই ধরা পড়েছে বারের সিসিটিভি ক্যামেরায়। ওই ব্যক্তির এমন ভাবলেশহীন আচরণে বেজায় মজা পেয়েছে নেটিজেনরা। তার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সূত্র: জি নিউজ
টাইমস/এসআই