যন্তর মন্তরে ‘সিজন-২’ শুরুর হুঁশিয়ারি সিজেপির
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ১২ আগস্ট, ২০২৬
নয়াদিল্লির যন্তর মন্তরে দ্বিতীয় দফায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বুধবার এক দলীয় সভা আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি অভিযোগ করেন, তারা দিল্লিতে সভার জন্য একটি হল খুঁজলেও কাউকেই রাজি করাতে পারেননি। তার দাবি, ‘ওপর থেকে চাপ’ থাকার কারণেই হলের মালিকেরা জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করেই যন্তর মন্তরে আবারও নতুন করে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে অভিজিৎ দীপকে বলেন, ‘‘ইনস্টাগ্রামে বহু মানুষ জানতে চাইছেন- যন্তর মন্তর ‘সিজন-টু’ কবে থেকে শুরু হচ্ছে? তাদের উদ্দেশে বলতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তরের এই দ্বিতীয় পর্ব আসছে।’’
বুধবারের নির্ধারিত সভার বিষয়ে তিনি আরও বিস্তারিত জানান। তার বক্তব্য অনুযায়ী, স্বেচ্ছাসেবকদের নিয়ে তাদের একটি সাধারণ সভা করার কথা ছিল। তবে শুরু থেকেই তারা হল পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েন।
তিনি জানান, ‘‘অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত একটি হল খুঁজে পাই এবং আমাদের কাছে তার পরিশোধিত রসিদও রয়েছে। কিন্তু আজ সকালে হলের মালিকদের হুমকি দেয়া হয়। বলা হয়েছে, সেখানে সিজেপির সভা আয়োজন করতে দিলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেয়া হবে।’’
পুরো ঘটনাকে ক্ষমতাসীন দলের রাজনৈতিক কৌশল হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘‘এসবই বিজেপির সাজানো নাটক। তাদের আচার-আচরণ ও কথাবার্তায় এটা স্পষ্ট যে তারা দেশের যুবসমাজকে ভয় পাচ্ছে। তবে এসব তুচ্ছ ও নিচুমানের কর্মকাণ্ড দিয়ে আমাদের ভয় দেখানো যাবে মনে করলে তারা মারাত্মক ভুল করছে।’’
আরআই/টিএ