থানায় হামলার পর নিখোঁজ যুবকের মরদেহ পুকুরে উদ্ধার
ছবি: সংগৃহীত
০৫:২২ পিএম | ২৫ জুলাই, ২০২৫
<div style="text-align: justify; ">গাইবান্ধার সাঘাটায় থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসি
গাইবান্ধার সাঘাটায় থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলাকারী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে থানার পেছনের হাইস্কুলের পুকুর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে গত বৃহস্পতিবার রাতে থানায় এসআইএর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেয়ার পর নিখোঁজ ছিলেন ওই যুবক।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর থেকে আসা পাঁচ সদস্যের একটি টিমসহ ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল সকাল সাড়ে আটটার দিকে নিখোঁজ ওই যুবকের সন্ধানে কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শুরু করার ৪০ মিনিটের মাথায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ আরও বিস্তারিত বলতে পারবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এক যুবক। একই সঙ্গে রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে হামলার পরপরই ওই যুবক থানার পেছনে থাকা সাঘাটা হাইস্কুলের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে গভীর রাত পর্যন্ত ওই পুকুর এবং আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
এদিকে, কী উদ্দেশে এএসআইয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে। সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। অজ্ঞাত যুবকের পরিচয়ও শনাক্ত করা যায়নি।
এফপি/ এসএন