© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্লাইওভারে বাইক চালক হত্যার মূল আসামী গ্রেপ্তার

শেয়ার করুন:
ফ্লাইওভারে বাইক চালক হত্যার মূল আসামী গ্রেপ্তার
own-reporter
০৪:৩৫ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের ওপর ভাড়ায় মটর বাইক চালক মো. মিলন মিয়ার (৩৫)হত্যাকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম নুর উদ্দিন সুমন (৩৮)। রোববার রাতে রাজধানীর গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করে পুলিশ।

সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, চুক্তির ভিত্তিতে সুমনকে মোটরসাইকেলে উঠায় লিমন। মালিবাগ ফ্লাইওভারের মাঝামাঝি উঠলে মোটরসাইকেল থামিয়ে সুমন নিজে চালাতে চায়। মিলন রাজি না হলে দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়।

‘এক পর্যায়ে সুমন পকেট থেকে অ্যান্টিকাটার বের করে মিলনের গলায় আঘাত করে। আহত মিলন পড়ে গেলে সুমন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সুমনকে গ্রেপ্তার করা হয়।’

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেল, হেলমেট ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

বাতেন বলেন, সুমনের বিরুদ্ধে মতিঝিলে একটি ছিনতাই ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এরপরেও তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে মিলনকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান পাঠাও আরোহী। দুই সন্তানের জনক নিহত মিলন রাজধানীর মিরপুরের গুদারাঘাট এলাকায় পরিবারসহ থাকতেন।  

 

টাইমস/এমএস 

 

মন্তব্য করুন