আলোচনায় আসতে বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন: মজনু
ছবি: সংগৃহীত
১০:২০ এএম | ৩১ জুলাই, ২০২৫
<div><div style="text-align: justify; ">নিজেকে আলোচনায় আনতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটও...
নিজেকে আলোচনায় আনতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতাদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
বুধবার (৩০ জুলাই) রাতে ফেনী শহরের শান্তি কোম্পানি রোড এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রফিকুল আলম মজনু।
তিনি বলেন, ‘অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সম্পর্কে আমরা কোনো ধরনের বক্তব্য দিতে চাই না। এমন বক্তব্য দেয়া আমাদের উচিতও না। নাসীরুদ্দীন পাটওয়ারী বহুবার আমাদের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। মূলত তিনি এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চান।’
তিনি আরও বলেন, ‘তাকে বুঝা উচিত বিএনপি নতুন কোনো দল না।’
ফেনী থেকে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ-সংগ্রাম করেছেন, দীর্ঘদিন জেল খেটেছেন। ফেনী-১ উনার আসন। আমরা দোয়া করি উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন এবং ফেনী-১ আসন থেকে নির্বাচন করে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবেন।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, ‘এ বিষয়ে কোনো বক্তব্য দিতেও খারাপ লাগে। এটি ম্যাডামের আসন, এ বিষয়ে এতো বক্তব্য কিসের?’
বিগত সময়ে ফেনী-১ আসন সুসংগঠিত করতে নিজের ভূমিকার কথা তুলে ধরে মজনু বলেন, ‘ম্যাডামের প্রতিনিধি হিসেবে এ এলাকা দেখার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল। ২০১৮ সাল থেকে আমি এ আসন দেখছি। সব দিক থেকে এ আসনকে সুশৃঙ্খল ও সুন্দর করতে বেগম খালেদা জিয়ার পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করেছি। এ আসন কতটুকু সুসংগঠিত করেছি সেটি আগামী নির্বাচনে আপনারা দেখবেন।’
রফিকুল আলম মজনু বলেন, ‘অনেকে মনে করেন এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু বিএনপি অপশক্তি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু এক মাস আন্দোলন করেনি। ১৬ বছর যেভাবে আন্দোলন করেছে জুলাই-আগস্টের আন্দোলনেও বিএনপির ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমরা মনে করি, এই ১৬ বছরের আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে।’
মজনু আরও বলেন, ‘যেহেতু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন আমরা আশাবাদী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার। এভাবে দেশ চলতে পারে না। একটি সুষ্ঠু নির্বাচন যেহেতু মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি, আমরা আশা করি প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এতে আমরাও উনাকে সহযোগিতা করব।’
কেএন/এসএন