জয়পুরহাটে ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্থান্তর করল বিএসএফ
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ১৩ আগস্ট, ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত দিয়ে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে কয়া সীমান্তে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। বিজিবি পরে দুপুরে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করে।
বিজিবি জানায়, তারা খুলনা শহরের টুটপাড়া মহল্লার বাসিন্দা মো. মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের তিন সন্তান রমজান মোড়ল (৮), মুসকান মোড়ল (৫) ও আমেনা (২)।
বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ১২ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্ত পিলার ২৮২/৪৩ (এস) থেকে প্রায় ৮০০ গজ ভেতরে পাঁচজনকে আটক করে বিএসএফ। ২০২০ সালে তারা ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলামে একটি ভাঙারি দোকানে কাজ করছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। আজ সকালে দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়।
বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ দৌলা বলেন, ‘পাঁচজনকে গ্রহণের পর তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘বিজিবি আজ দুপুরে পাঁচজনকে থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গরিবি ও সন্তানের চিকিৎসার জন্য পাঁচ বছর আগে ভারতে গিয়েছিলেন এবং আর দেশে ফেরেননি। প্রায় এক মাস আগে বিএসএফ তাদের আটক করে। এরপর বেনাপোল সীমান্তে নেওয়া হয় এবং এক সপ্তাহ আগে কয়া সীমান্তে আনা হয়। আজ সকালে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।’
এমআর/টিএ