সিলেটে ৫৬ সাংবাদিকের একযোগে জিডি
সাদা পোশাকে গ্রেফতার ও হয়রাণীর প্রতিবাদ জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন সিলেটের ৫৬ সাংবাদিক। ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) ব্যানারে এসব সাংবাদিকের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে পুলিশের দ্বারা হয়রাণীর শিকার হচ্ছেন।
জিডিতে অভিযোগ করা হয়, গত ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের (ইমজা) নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।
সাংবাদিকরা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সঙ্গে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এসএমপির কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, নিরাপত্তা চেয়ে সিলেটে কর্মরত ইলেকট্রনিক মিডিয়ার ৫৬ জন সাংবাদিক জিডি করেছেন।
টাইমস/এমএস