আশুগঞ্জে চলন্ত অবস্থায় দুই খণ্ডে বিভক্ত মহানগর এক্সপ্রেস
ছবি: সংগৃহীত
০৭:৪৩ পিএম | ১৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ছেড়ে যায়। আশুগঞ্জ স্টেশনে প্রবেশের ঠিক আগ মুহূর্তে ট্রেনটির ট ও ঠ বগির মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে পেছনের পাঁচটি বগি ছাড়া সামনের অংশটি আশুগঞ্জ স্টেশনে প্রবেশ করে। তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. শাকির জাহান জানান, মহানগর এক্সপ্রেসের বিচ্যুত হওয়া অংশটি বর্তমানে আশুগঞ্জ রেলস্টেশনের আউটারে রাখা হয়েছে। বগি সংযোগের কাজ চলছে।
এদিকে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে জয়ন্তীকা এক্সপ্রেস এবং তালশহর স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে বলে জানা গেছে।
কেএন/এসএন