অল্প বাজেটের হরর ‘ওয়েপনস’-এ মন্ত্রমুগ্ধ দর্শক
ছবি: সংগৃহীত
০৮:০৮ পিএম | ১৮ আগস্ট, ২০২৫
অল্প বাজেটের হরর সিনেমা ‘ওয়েপনস’ বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের নজর কাড়ছে। পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। সিনেমাটিতে অভিনয় করেছেন জশ ব্রুলিন, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি ম্যাডিগানসহ আরও অনেকে।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মেব্রুক শহরের তৃতীয় শ্রেণির ১৭ জন শিক্ষার্থী, যারা এক রাতে একযোগে নিখোঁজ হয়। তাদের খুঁজতে অভিভাবক, শিক্ষক ও পুলিশ সক্রিয় হলেও অতিপ্রাকৃতিক ঘটনা পরিস্থিতি আরও জটিল করে তোলে।
‘ওয়েপনস’ একটি সরাসরি গল্পের চলচ্চিত্র নয়। এটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে তৈরি হরর-অ্যান্থলজি, যেখানে ব্যক্তিগত শোক, ভয়ের আবহ এবং সামাজিক অনিশ্চয়তা একসঙ্গে এগিয়ে আসে। প্রতিটি অধ্যায়ে আলাদা চরিত্রকে কেন্দ্র করে রহস্যের আবরণ আরও ঘন হয়। মাঝেমধ্যেই দর্শক মনে করেন, ‘এবার সব বুঝলাম’, কিন্তু পরের দৃশ্যে সব কল্পনা ভেঙে যায়।
৮ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমা মাত্র কয়েক দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা আর-রেটেড হরর ছবির জন্য বিরল সাফল্য। সিনেমার মোট বাজেট ছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এটি বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে। একই সঙ্গে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পেয়েছে।
বিশ্বজুড়ে এই সাফল্য প্রমাণ করে, অল্প বাজেটেও গল্প ও নির্মাণের মান থাকলে দর্শকের কাছে চলচ্চিত্র কতটা আকর্ষণীয় হতে পারে।
এফপি/ টিএ