ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জন আটক
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ২২ আগস্ট, ২০২৫
ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযানে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে।
আহত পুলিশ সদস্যরা হলেন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। তাদের প্রাথমিক চিকিৎসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, স্থানীয় দুইটি পরিবারের মধ্যে পূর্ব থেকে ঝগড়া চলছিল। এক ব্যক্তিকে থানায় নেওয়ার পথে বাধা দেয় প্রতিপক্ষ। ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযোগকারীকে উদ্ধার করে থানায় নেয়ার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে হামলাকারী ও আটককৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ওসি জানিয়েছেন, বিস্তারিত পরে জানানো হবে।
এসএস/টিকে