© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাংলাদেশ টাইমসের সাংবাদিক আহত

শেয়ার করুন:
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাংলাদেশ টাইমসের সাংবাদিক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ এএম | ৩০ আগস্ট, ২০২৫
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময়ে বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিস্ট রুহুল আমীন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রম করার সময় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষ লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর আক্রমণ চালায়।

সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রুহুল আমীন মাথায় ইটের আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এই ঘটনায় উভয় দলের পক্ষ থেকে একে অপরকে দায়ী করা হয়েছে। গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য আবু হানিফ অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালায়। এমনকি সাংবাদিকদেরও ছাড় দেয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

অন্যদিকে, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী বলেন, “গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলায় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীকেও টার্গেট করা হয়েছে, যা দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য করুন