© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বপ্ন দেখছি চলচ্চিত্র নির্মাণের: অরুণা বিশ্বাস

শেয়ার করুন:
স্বপ্ন দেখছি চলচ্চিত্র নির্মাণের: অরুণা বিশ্বাস
entertainment-reporter
০৯:০১ পিএম | ১১ মে, ২০১৯

অরুণা বিশ্বাস। বহু বছর ধরে জনপ্রিয়তার সঙ্গে সিনেমা ও নাটকে কাজ করে চলেছেন তিনি। তবে এই সময়ে এসে যেনতেন কাজ নয় বরং বেছে বেছে চ্যালেঞ্জিং চরিত্রগুলোতেই বেশি অভিনয় করছেন এই গুণী অভিনেত্রী।

সমসাময়িক কাজ প্রসঙ্গে জানতে চাইলে অরুণা বিশ্বাস জানান, এরইমধ্যে তিনি নেপালে অরুণ চৌধুরীর নির্দেশনায় দুটি নতুন সিনেমার কাজ শেষ করে এসেছেন। একটির নাম ‘আলো’ এবং অন্য আরেকটির নাম ‘ভালোবাসার উত্তাপ’। দুটি সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।

এই প্রসঙ্গে অরুণা বিশ্বাস বলেন, অরুণ দা’র নির্দেশনায় সম্প্রতি এই দুটি সিনেমায় অভিনয় করা হলো। দুটিরই গল্প বেশ সুন্দর। আশা করছি সিনেমা দুটি খুব ভালো হবে। দর্শকও আনন্দের সঙ্গে গ্রহণ করবে। মূলত অরুণ দা’তো বেশ গুছিয়ে কাজ করার চেষ্টা করেন। তাই ছবি দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।

তবে অরুণ চৌধুরীর নির্দেশনায় অরুণা বিশ্বাসের এটি প্রথম কাজ নয়। এর আগে তিনি এই গুণী নির্মাতার নির্দেশনায় ‘মায়াবতী’ সিনেমাতেও অভিনয় করেছেন। এই সিনেমায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তবে ছবিটি এখনো মুক্তির দেখা পায়নি।

এদিকে, অরুণা বিশ্বাস নিয়মিত অভিনয় করছেন এটিএন বাংলায় প্রচারিত চলতি ধারাবাহিক ‘জলে ভেজা রং’-এ। এছাড়াও রুমানের নির্দেশনায় তিনি ‘বংশের চাবি’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। মিডিয়ার আরো বিভিন্ন কাজের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছেন। গেল বছরের বিজয় দিবসে অরুণা বিশ্বাস ‘একজন জয়নব বিবি’ নামের একটি নাটক পরিচালনা করে বেশ প্রশংসিত হয়েছিলেন।

পরবর্তী নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ টাইমসের এই প্রতিবেদককে বলেন, নাটক তো আগে নির্মাণ করেছি। এখন আমার স্বপ্ন একটি চলচ্চিত্র বানানোর। বিষয়টি আমার ভাবনায় আছে। সময় হলেই সবাইকে জানিয়ে সেটি শুরু করবো।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন