আবারও বিতর্কে পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স!
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ০৫ মার্চ, ২০২৬
আবারও আলোচনার কেন্দ্রে ব্রিটনি স্পিয়ার্স। ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়ে নতুন করে শিরোনামে উঠে এলেন এই পপ তারকা।
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে স্থানীয় সময় রাত প্রায় সাড়ে নয়টার দিকে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে আটক করা হয়। পরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ভেনচুরা কাউন্টি শেরিফ দপ্তরের নথি অনুযায়ী, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের কর্মকর্তারাই তাঁকে আটক করেন। যদিও গ্রেপ্তারের কিছু সময় পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আগামী ৪ মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেন ব্রিটনি। সেখানে তিনি লেখেন, ‘উপস!... আই ডিড ইট এগেইন’ যা তাঁর বহুল জনপ্রিয় গানেরই একটি পংক্তি। প্রথমে অনুরাগীরা ভেবেছিলেন, হয়তো নিছকই মজার ছলে নিজের গান উদ্ধৃত করেছেন তিনি। কিন্তু পরে গ্রেপ্তারের খবর সামনে আসতেই সেই পোস্ট ঘিরে নতুন জল্পনা শুরু হয়।
এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি চমকপ্রদ পদক্ষেপ নেন এই গায়িকা। হঠাৎ করেই নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট মুছে ফেলেন তিনি। যেখানে নিয়মিত নাচ, গান ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিতেন, সেই জায়গাটিই হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় ভক্তদের উদ্বেগ আরও বেড়েছে।
চল্লিশের কোঠায় পা রাখা এই শিল্পীর জীবনে বিতর্ক নতুন নয়। তবে সাম্প্রতিক এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে তাঁর ব্যক্তিগত স্থিতি ও সিদ্ধান্ত নিয়ে। আদালতে হাজিরার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নজর এখন সেদিকেই।
পিআর/টিকে