© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন

শেয়ার করুন:
প্রবাসীদের জন্য দুদকের নতুন হটলাইন
own-reporter
০৫:৫৬ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২০

অনিয়ম, দুর্নীতি ও প্রবাসীদের ভোগান্তির অভিযোগ শুনতে নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এজন্য এখন থেকে দুদকের +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে ‘আন্তর্জাতিক কল ইনকামিং সার্ভিস চালু করা হয়েছে

অনিয়ম, দুর্নীতি ও প্রবাসীদের ভোগান্তির অভিযোগ শুনতে নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এজন্য এখন থেকে দুদকের +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে ‘আন্তর্জাতিক কল ইনকামিং সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীরা সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই নম্বরে ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকে জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ নেয়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপর সেই নম্বর পরিবর্তন করে হটলাইনে আন্তর্জাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়।

দুদকের এই কর্মকর্তা জানান, এরই মধ্যে সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স, কাতার, মালয়েশিয়া, আরব আমিরাত, কুয়েতসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শতাধিক অভিযোগ করেছেন। তাদের বেশির ভাগ অভিযোগই ছিল জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত।

কিন্তু এসব অভিযোগ দুদক আইনের আওতাধীন নয়। তবে প্রবাসীরা এই হটলাইনে ফোন করে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

 

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন