© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে অস্ত্র-মাদকসহ তিন ছাত্র আটক

শেয়ার করুন:
যশোরে অস্ত্র-মাদকসহ তিন ছাত্র আটক
district-correspondent
০৫:২১ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২০

ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত শহরের ‘শেখহাটি কাজী ছাত্রাবাস’ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি।

ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের তিন ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ‘শেখহাটি কাজী ছাত্রাবাস’ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন যশোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি।

আটককৃতরা হলেন- যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের রফিকুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম, চতুর্থবর্ষের শিক্ষার্থী ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার বোরাখারাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু হেনা রোকন এবং মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের ওসমান আলীর ছেলে ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র রাফিউন।

গোলাম রব্বানি বলেন, গোপন সংবাদে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই ছাত্রাবাসের একটি কক্ষ থেকে একটি শর্টগান, একটি ওয়ান শুটার গান,পাঁচটি গুলি, পাঁচটি হাতবোমা, তিনটি ছুরি, দুইটি রামদা, নয়টি রড, এক বোতল মদ, পাঁচটি খালি মদের বোতল, একশ ইয়াবা ও কয়েক পোটলা গাঁজা ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। একইসঙ্গে ওই কক্ষ ব্যবহারকারী তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

তিনি বলেন, অস্ত্রগুলোর মালিক শেখহাটি এলাকার ‘চিহ্নিত সন্ত্রাসী’ যশোর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেতা জুয়েল কাজীর। জুয়েল ও তার সহযোগীদের ‘গোপন আস্তানা’ ও ‘অস্ত্র ভাণ্ডার’ হিসেবে ছাত্রাবাসটি ব্যবহৃত হয়ে আসছিল। এছাড়াও সেখান থেকে অস্ত্র ও মাদক চোরাচালানের সিন্ডিকেট পরিচালনা করা হত।

তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে গেছে। আটকদের সঙ্গে তাকেও মামলার আসামি করা হবে।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন