© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক হাজার নাগরিকের জন্য ১ জন পুলিশ: আইজিপি

শেয়ার করুন:
এক হাজার নাগরিকের জন্য ১ জন পুলিশ: আইজিপি
own-reporter
০৭:৫৩ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, দেশের আইনশৃংখলা রক্ষায় পুলিশ সদা সচেষ্ট। জনবল সংকটের মাঝেও পুলিশ বাহিনী নাগরিকের নিরাপত্তায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত। বর্তমানে এক হাজার নাগরিকের জন্য মাত্র ১ জন পুলিশ।

বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা সচেষ্ট। জনবল সংকটের মাঝেও পুলিশ বাহিনী নাগরিকের নিরাপত্তায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত। বর্তমানে এক হাজার নাগরিকের জন্য মাত্র ১ জন পুলিশ। এই জনবল নিয়ে সেবা দান খুবই কঠিন। তারপরও পুলিশ সদস্যরা খুব তৎপর।

বুধবার দুপুরে নেত্রকোনা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুনসী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ ৯৯৯ সার্ভিস চালুর পর গত দুই বছরে ৫৮ লাখ মানুষকে সেবা দিতে পেরেছে। এতে জনগণ খুব উপকৃত হয়েছেন। এ সেবা অব্যাহত থাকবে।

মুজিববর্ষ উপলক্ষে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে জানিয়ে ড. জাবেদ পাটোয়ারী আরও বলেন, প্রত্যেক উপজেলায় চারটি করে হেল্পডেস্ক চালু করা হবে। প্রতিবন্ধী সেবা ডেস্ক, বয়স্ক সেবা ডেস্ক, নারী শিশুদের জন্য ডেস্ক এবং অসহায় নারী শিশুদের জন্য অ্যাপস চালু হবে। অ্যাপস চালুর বিষয়টি এখন পরীক্ষাধীন।

তিনি বলেন, দেশের প্রতিটি থানাকে জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমরা সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হতে চাই। থানাগুলোকে সেভাবেই গড়তে চাই।

মতবিনিময় সভা শেষে পুলিশ লাইন্স মাঠে নেত্রকোনা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন আইজিপি।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন