© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোভিড হাসপাতালে ৬০ ভাগ শয্যা, অর্ধেক আইসিইউ খালি: স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
কোভিড হাসপাতালে ৬০ ভাগ শয্যা, অর্ধেক আইসিইউ খালি: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৬:৪৫ পিএম | ৩০ জুলাই, ২০২০

সরকার যথার্থ উদ্যোগ নেয়ায় দেশের কোভিড হাসপাতালগুলোতে এখন ৬০ ভাগ শয্যা খালি পড়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়া কোভিড ডেডিকেটেড (করোনা রোগীদের জন্য নিবেদিত) অর্ধেক আইসিইউ বেডে কোন রোগী নেই বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর এবং সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শুরুতে পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগলেও এখন দেশের চিকিৎসাখাত কোভিড-১৯ চিকিৎসায় সঠিক অবস্থানেই রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

কোভিড-১৯ মোকাবেলায় সরকার দ্রুত কিছু উদ্যোগ নিতে সক্ষম হয়েছে জানিয়েছে মন্ত্রী বলেন, প্রথম দিকে কেবলমাত্র ঢাকা মেডিকেল কলেজে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু ছিল। এখন জেলা শহরেও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালু করাসহ প্রায় ৭০টি হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা করা হচ্ছে। আমাদের টেলি মেডিসিন ব্যবস্থার মাধ্যমে শত শত চিকিৎসক অনলাইনে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নতুন কিছু কার্যকরী চিকিৎসা সেবা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে দেয়া হচ্ছে। এর ফলে, দেশে ধীরে ধীরে আক্রান্তের হার কমতে শুরু করেছে।

পরীক্ষা করতে মানুষের অনীহা, বন্যা দুর্যোগ ও যত্রতত্র লক্ষণবিহীন পরীক্ষা না করতেই কোভিড পরীক্ষার সংখ্যা কিছুটা কমে যাচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া শিগগিরই সামনে ৩০ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথাও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন