© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবরিনার ‘দুই এনআইডি’ বিষয়ে জানাতে ইসিকে দুদকের চিঠি

শেয়ার করুন:
সাবরিনার ‘দুই এনআইডি’ বিষয়ে জানাতে ইসিকে দুদকের চিঠি
own-reporter
০৬:৩৪ পিএম | ২৬ আগস্ট, ২০২০

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েও জালিয়াতি করেছেন করোনাভাইরাস পরীক্ষা জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা। তিনি ভিন্ন তথ্য দিয়ে তৈরি করে নিয়েছিলেন দুটি এনআইডি।

কীভাবে এক ব্যক্তি একাধিক এনআইডির (জাতীয় পরিচয়পত্র) পেয়েছে, তা জানতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।

প্রণব কুমার বলেন, ডাক্তার সাবরিনার দুটি এনআইডির বিষয়ে জানতে নির্বাচন কমিশনের সচিব বরাবর গত ১৯ আগস্ট চিঠি দিয়েছে দুদক।

চিঠিতে বলা হয়েছে, ডা. সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র বর্তমানে সচল এবং দুটিতে তার একই নাম। একই নাগরিক কীভাবে দুটি জাতীয় পরিচয়পত্র রাখতে পারে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

যা বললেন ইসি সচিব

বুধবার নির্বাচন ভবনে সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর সাংবাদিকদের বলেছেন, আইন অনুযায়ী, দ্বৈত ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। এই কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দ্বৈত ভোটারের বিষয়টি যদি প্রমাণিত হয়, এর সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারীর যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, গত ১২ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এ ঘটনায় তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। বর্তমানে এ মামলার সব আসামি কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

রিমান্ড শেষে ফের কারাগারে ডা. সাবরিনা

আবারও দুই দিনের রিমান্ডে ডা. সাবরিনা

জালিয়াতি বিষয়ে রিমান্ডে সাবরিনা-আরিফের দ্বন্দ্ব!

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন