© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যা মামলায় ৩০২ ধারায় অভিযোগ গঠন

শেয়ার করুন:
আবরার হত্যা মামলায় ৩০২ ধারায় অভিযোগ গঠন
own-reporter
০২:১৪ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। বুধবার রাষ্ট্রপক্ষ দন্ডবিধির ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার জন্য আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০২ ধারাতেই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ ধারার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদন্ড।

বুধবার বেলা ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে রাষ্ট্রপক্ষের কৌশূলী মোশাররফ হোসেন কাজল ও এহসানুল হক সমাজি শুনানি শুরু করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মামলাটি চাঞ্চল্যকর। দেশ ও জাতি মামলাটির দিকে তাকিয়ে আছে। এটি একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত হত্যাকান্ড। তাই দন্ডবিধির ৩০২ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করছি।

প্রসঙ্গত, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির বিরোধীতা করে ফেসবুকে স্ট্যাটাস দেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। তারই জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর আবরারকে ডেকে নিয়ে তার ওপর রাতভর নির্যাতন চালায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। নির্যাতনের এক পর্যায়ে মধ্যরাতে আবরারের মৃত্যু হয়। ওই ঘটনায় ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ওই ঘটনায় নিহত আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আসামিরা হলেন- মেহেদী হাসান রাসেল, অমিত সাহা, অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মেহেদী হাসান রবিন, মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, তাবাখখারুল ইসলাম তানভির, মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও মাহমুদ সেতু।

মামলার অপর তিন আসামি মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ এখনও পলাতক রয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন