কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় একজনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক ছিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। সোমবার সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২ লাখ ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক ছিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ২ লাখ ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ফাঁসির সাজাপ্রাপ্ত জুয়েল মিয়া (৩৫) বড়মাইপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মাহবুব হাসান, জজ মিয়া, রহিমা খাতুন, সাইফুল ইসলাম এবং কাকন মিয়া। তবে এদের মধ্যে মো. সাইফুল ইসলাম ও মো. কাকন মিয়া পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বরমাইপাড়া গ্রামের কৃষক মো. সিদ্দিক মিয়ার সঙ্গে একই এলাকার আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১৬ সালের ২২ জানুয়ারি বিকেলে আসামিরা লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে ছিদ্দিক মিয়াকে আহত করে। গুরুতর অবস্থায় প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান ছিদ্দিক।
এ ঘটনায় নিহতের ভাই মানিকুজ্জামান বাদী হয়ে ৬ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
টাইমস/এসজে/এসএন