রাজশাহীতে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় ধানবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোহন (২৮) ও রাশেদুল (২৩)। তারা ধান কাটার শ্রমিক। তাদের দুজনের বাড়ি কুষ্টিয়ায়।
মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, ধান কেটে ট্রাকে বোঝাই করে শ্রমিকেরা নওগাঁ থেকে কুষ্টিয়ার দিকে ফিরছিলেন। রাজশাহীর মোহনপুরের মেডিকেল মোড় এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদুল মারা যান।
ওসি আরও জানান, নিহত দুই শ্রমিকের লাশ থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
টাইমস/এইচইউ