ভারতের প্রতি আমরা বেশি সংবেদনশীলতা দেখাচ্ছি: মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক বেশি সংবেদনশীলতা দেখাচ্ছি। ভারত সেটা এখন পর্যন্ত দেখাতে পারছে না। শনিবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা শাখার আয়োজনে এক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। রাজধানীর ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সম্মেলনটির আয়োজন করা হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক বেশি সংবেদনশীলতা দেখাচ্ছি। ভারত সেটা এখন পর্যন্ত দেখাতে পারছে না।
শনিবার বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতিঝিল থানা শাখার আয়োজনে এক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। রাজধানীর ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে সম্মেলনটির আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ‘ভারতকে বুঝতে হবে, কিছু পেতে গেলে অবশ্যই তাদের কিছু দিতেও হয়। এটা যদি তারা না বুঝে তাহলে ভারত-বাংলাদেশ সম্পর্ক আজকে যে উচ্চতায় পৌঁছেছে, সেই সম্পর্ক স্বাভাবিকভাবেই বাধাগ্রস্ত হবে।’
আবরার হত্যা নিয়ে বিএনপি-জামায়াত এখন তাদের ভারতবিরোধী এবং ধর্মবাদী রাজনীতি নিয়ে নতুনভাবে মাঠে নামার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যার বিচারের চাইতে তাদের লক্ষ্য হচ্ছে এটা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। ফেনী নদীর পানি ও এলপিজি গ্যাস নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ আছে বলে মনে হয় না।
তিনি বলেন, বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, একই সঙ্গে চরম বৈষম্য, দুর্নীতি, দলবাজি-দখলদারি এই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা মোটেও সুখকর নয়।
‘আমরা আশা করব, সরকার বিশ্ববিদ্যালয়সমূহে দল দাসত্বের রাজনীতি বাদ দিয়ে ছাত্রদের স্বাধীন রাজনীতি করতে উৎসাহিত করবে এবং সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন দিয়ে ছাত্র নেতৃত্বকে বের করে নিয়ে আসবে।’
টাইমস/এসআই