মিস তুর্কিকে জীবনসঙ্গী করলেন ওজিল!
২০১৪ সালে মিস তুর্কি জয়ী আমিন গুলসেকে জীবনসঙ্গী করেছেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল-এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
২০১৪ সালে মিস তুর্কি জয়ী আমিন গুলসেকে জীবনসঙ্গী করেছেন আর্সেনালের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল-এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। সম্প্রতি ‘সৃষ্টিকর্তার অনুমতিক্রমে সারা জীবনের জন্য’—ক্যাপশনে একটি ছবি পোস্ট করেছেন মেসুত ওজিল।
ছবিতে দেখা যাচ্ছে, আমিন গুলসের কপালে চুমু খাচ্ছেন তুর্কি বংশোদ্ভূত জার্মানি ফুটবলার ওজিল। ছবি ভাইরাল হওয়ার পরই সমর্থকদের ধারণা, বিয়ের পিঁড়িতে বসেছেন ওজিল।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুর্কি সংস্কৃতি মেনেই বিয়ে করেছেন ওজিল-গুলসে। ২০১৭ সালের মার্চে বাগদান হয় ওজিল-গুলসের। ওই সময় গুলসের হাতের আঙুলে আংটিও দেখা গেছে। এরপর বিভিন্ন সময় তাদের একসঙ্গে মধুর সময় কাটাতে দেখা গেছে। যদিও ওজিল কিংবা গুলসে এ ব্যাপারে এখনো মুখ খোলেননি।
আমিন গুলসে—২০১৪ সালে মিস তুর্কি খেতাব জিতে ছিলেন। ২৫ বছর বয়সী সুইডিশ বংশোদ্ভূত মডেল আমিন গুলসে তুরস্কের টেলিভিশন সিরিজে অভিনয় করেন।
ওজিল ও গুলসের মধ্যে দারুণ একটি মিল রয়েছে। ওজিলের জন্ম জার্মানিতে। খেলেন জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে। কিন্তু ওজিল আসলে তুর্কি বংশোদ্ভূত জার্মানি ফুটবলার। গুলসের ব্যাপারটিও তাই। গুলসের জন্ম সুইডেনে। কিন্তু গুলসের শেকড়ও অন্য দেশের। কাকতালীয়ভাবে এই গ্ল্যামার গার্লও তুর্কি বংশোদ্ভূত।
টাইমস/এক্স