© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান সিরিজে লিটন ফর্মে ফিরবেন, আশাবাদী ফাহিম

শেয়ার করুন:
পাকিস্তান সিরিজে লিটন ফর্মে ফিরবেন, আশাবাদী ফাহিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৯ পিএম | ০৬ মার্চ, ২০২৬
মার্চের দ্বিতীয় সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ আসছে পাকিস্তান দল। সেই সিরিজের জন্য গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের দল ঘোষণা করে বিসিবি। তবে বড় চমকপ্রদ ঘোষণা ছিল লিটন দাসকে নিয়ে। ওয়ানডে ক্রিকেটে বছরখানেকের বেশি সময় ধরে ভালো করতে না পারলেও তিনি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ওয়ানডেতে লিটন ফর্মে ফিরবেন বলে আশাবাদী নাজমুল আবেদীন ফাহিম।

লিটনের দলে থাকা বা না থাকা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের দলে টিকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার। লিটনকে নিয়ে এবার বড় স্বপ্নের কথা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘ওর (লিটন) অভিজ্ঞতাকে আমরা খুব গুরুত্ব দিই। আমরা আশা করি ও খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে।’



এরপরই নতুন ব্যাটিং পজিশনে এই টি-টোয়েন্টি অধিনায়ককে দেখা যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন ফাহিম, ‘মিডল অর্ডারে যদি সে থিতু হতে পারে সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে। কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় মাঝে দরকার। সেদিক থেকে আমার ধারণা এই নির্বাচনটা (স্কোয়াডে অন্তর্ভুক্ত) হয়েছে। দেখা যাক ও কেমন করে।’

পাকিস্তানের বিপক্ষে ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে স্পোর্টিং উইকেট থাকারও আভাস মিলেছে বিসিবি পরিচালকের কথায়, ‘তিনটি ম্যাচই মিরপুরে হবে সুস্পষ্ট কারণে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি মিরপুরে আগে যে ঐতিহ্যগতভাবে নিচু এবং মন্থর উইকেট হতো, তেমন উইকেট কিন্তু এখন হয় না। এখন যে ধরনের উইকেটে আমরা সাম্প্রতিক সময়ে খেলে আসছি সেরকম উইকেটই থাকবে।’

ফাহিম আরও বলেন, ‘আশা করি রান করাটা খুব কঠিন হবে না। প্রতিযোগিতামূলক হবে, কিন্তু রান করাটা কঠিন হবে না। কিন্তু কিছুটা সুবিধা আমাদের থাকবেই। যেহেতু আমরা এই উইকেটে খেলে অভ্যস্ত, পাকিস্তান এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনাল আমরা হয়তো একটু এগিয়ে থাকব। কিন্তু আগে যে ধরনের সুবিধা পেতাম সেটা হয়তো সেভাবে থাকবে না।’

আরআই/টিএ

মন্তব্য করুন