© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘টর্চার সেল’ নেই: দাবি ছাত্রলীগের

শেয়ার করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘টর্চার সেল’ নেই: দাবি ছাত্রলীগের
district-correspondent
০২:০১ পিএম | ১২ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোন ‘টর্চার সেল’ নেই বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক সবুজ এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।

সম্প্রতি একটি টেলিভিশনে প্রচারিত খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে ‘টর্চার সেল’ আছে বলে দাবি করা হয়। ওই সংবাদের প্রতিবাদে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে- দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল নিয়ে প্রচারিত সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও জুড়ে দিয়েছে।

আমরা এ ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা সরেজমিনে এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখুন। তাহলেই এ সংবাদের অসারতার প্রমাণ পাওয়া যাবে।

বিবৃতিতে দাবি করা হয়, বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন চবির হলগুলোতে অবস্থান করতো- তখন রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর পত্রিকায় দেখা যেতো। তবে হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর এখন সাধারণ ছাত্র নির্যাতনের একটি অভিযোগ পর্যন্ত নেই।

এমতাবস্থায় আমরা টর্চার সেল নিয়ে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমসহ সব গণমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ও পেশাদারী সাংবাদিকতা প্রত্যাশা রেখে প্রকাশিত সংবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের অনুরোধ করছি।’

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন